
তারা এখন বিশ্ব চ্যাম্পিয়ন। যে স্বপ্নটা দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম দেখে আসছিল, তা এখন বাস্তবে পরিণত হয়েছে। হরমনপ্রীত কউর ও তাঁর দলের কাছে এই অনুভূতি এখনও স্বপ্নের সমান। তারা যে অসাধ্য সাধন করে ফেলেছেন, ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন, তা বুঝে উঠতে পারছেন না। গোটা দল রয়েছে একটা ঘোরের মধ্যে। কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যি, ভারতীয় মহিলা ক্রিকেট দল এখন বিশ্ব চ্যাম্পিয়ন।
এক রোমাঞ্চকর আইসিসি মহিলা বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে, প্রথমবারের মতো শিরোপা জিতেছে ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে ভারত সংগ্রহ করে ৭ উইকেটে ২৯৮ রান। যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। পরে দক্ষিণ আফ্রিকাকে ৪৫.৩ ওভারে ২৪৬ রানে অলআউট করে দেয়। এর ফলে ভারত যোগ দিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাতারে — যারা আগে বিশ্বকাপ জিতেছে।
