
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বড়মাগুরা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম প্রাকৃতিক উপায়ে আখের রস দিয়ে খাঁটি গুড় তৈরি করে এলাকায় প্রশংসা কুড়াচ্ছেন। কোনো প্রকার কেমিক্যাল বা রঙ ব্যবহার ছাড়াই ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি এই গুড় স্থানীয় বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।
জানা গেছে, নিজ জমিতে উৎপাদিত আখ থেকে রস সংগ্রহ করে গ্রামের ছোট কারখানায় জ্বাল দিয়ে গুড় তৈরি করছেন জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন ধরে তিনি এ পেশার সঙ্গে যুক্ত থাকলেও চলতি মৌসুমে তার উৎপাদিত গুড়ের মান ও স্বাদে নতুন করে নজর কেড়েছে এলাকাবাসীর।
স্থানীয়দের মতে, বর্তমানে বাজারে ভেজাল গুড়ের দাপট থাকলেও জাহাঙ্গীর আলমের তৈরি গুড় সম্পূর্ণ খাঁটি হওয়ায় মানুষ আস্থা নিয়ে কিনছেন। শুধু বড়মাগুরা গ্রাম নয়, আশপাশের কয়েকটি গ্রামের মানুষও তার গুড় কিনতে আসছেন।
এলাকাবাসী আবুল কালাম বলেন, বর্তমানে খাঁটি গুড় পাওয়া খুবই কঠিন। জাহাঙ্গীর আলম যে গুড় তৈরি করছেন, সেটা একেবারে বিশুদ্ধ। স্বাদে ও গন্ধে আগের দিনের গুড়ের কথা মনে পড়ে।
আরেক স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন বলেন, এই ধরনের উদ্যোগ আমাদের গ্রামের জন্য গর্বের বিষয়। এতে যেমন খাঁটি খাবার পাওয়া যাচ্ছে, তেমনি গ্রামের মানুষের কর্মসংস্থানও হচ্ছে।
জাহাঙ্গীর আলম জানান, সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে তিনি উৎপাদন আরও বাড়াতে চান। তার এই উদ্যোগে কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করছেন
সংশ্লিষ্টরা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন,আখের রস দিয়ে খাটি গুড় তৈরি করার কথা শুনেছি।তবে কেউ যদি ভেজাল গুড় উৎপাদন করে আমরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তা বিনষ্ট করবো।
রোকনুজ্জামান রোকন
উপজেলা প্রতিনিধি
নবাবগঞ্জ (দিনাজপুর)
তা: ০৩-০২-২০২৬
০১৭২৪৬৬৪৭৮২
