
উপজেলা প্রতিনিধি,নবাবগঞ্জ (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দিনাজপুর-৬ আসনজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমনের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। চলছে সাজসজ্জা ও জনসভা সফল করতে নানা প্রস্তুতি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিরামপুর সরকারি কলেজ মাঠে সম্ভাব্য জনসভাস্থল পরিদর্শন করেন দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
পরিদর্শনকালে তিনি মাঠের সার্বিক অবকাঠামোগত প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, শব্দ ব্যবস্থাপনা এবং জনসমাগম নিশ্চিত করার বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এ সময় ডা. জাহিদ হোসেন জানান, আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দিনাজপুর-৬ আসনের নির্বাচনী প্রচারণায় এই জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামান।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা এ জে এম সাহাবুদ্দিন সুজন বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত। এই সফর সফল করতে ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নেতাকে বরণ করতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাকে যথাযথ সম্মান ও উষ্ণ অভ্যর্থনা জানাতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।
তারেক রহমানের এই আগমনকে ঘিরে বিরামপুর উপজেলায় যে রাজনৈতিক উত্তাপ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তা আসন্ন নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে।
রোকনুজ্জামান রোকন
উপজেলা প্রতিনিধি
নবাবগঞ্জ (দিনাজপুর)
তা: ০৩-০২-২০২৬
০১৭২৪৬৬৪৭৮২
